ত্রিপোলিতে ঝুঁকিপূর্ণ ভবন ধসে নিহত ৯, চলছে উদ্ধার অভিযান
লেবাননের উত্তরাঞ্চলের বন্দরনগরী ত্রিপোলিতে দুটি পুরোনো ও ঝুঁকিপূর্ণ ভবন ধসে অন্তত ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন, যাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সিভিল ডিফেন্স।
কর্মকর্তারা জানান, ভবন দুটি দুইটি ব্লকে বিভক্ত ছিল এবং ধসের সময় ভেতরে অন্তত ২০ জনের বেশি মানুষ অবস্থান করছিলেন বলে ধারণা করা হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে সিভিল ডিফেন্সের পাশাপাশি লেবানিজ রেড ক্রিসেন্ট ও বিভিন্ন জরুরি সংস্থার সদস্যরা কাজ করছেন। স্থানীয় বাসিন্দারাও উদ্ধার কাজে অংশ নেন।
ত্রিপোলির মেয়র শহরটিকে ‘দুর্যোগ কবলিত’ ঘোষণা করে বলেন, দীর্ঘদিনের অবহেলা ও ঝুঁকিপূর্ণ ভবনের কারণেই এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। সরকার ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছে।