ইরানের সঙ্গে বাণিজ্যে জড়ালে বাড়তি শুল্কের হুমকি ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে বাণিজ্য অব্যাহত রাখা দেশগুলোর ওপর বাড়তি শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। শুক্রবার তিনি এ–সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। আদেশে নির্দিষ্ট শুল্কহার উল্লেখ না থাকলেও উদাহরণ হিসেবে ২৫ শতাংশ শুল্কের কথা বলা হয়েছে। এতে বলা হয়, যেসব দেশ সরাসরি বা পরোক্ষভাবে ইরান থেকে পণ্য বা সেবা গ্রহণ করবে, তাদের পণ্যের ওপর যুক্তরাষ্ট্র অতিরিক্ত শুল্ক আরোপ করতে পারে।
এই সিদ্ধান্ত এমন সময়ে এলো, যখন ওমানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়েছে এবং উভয় পক্ষ আলোচনাকে ইতিবাচক বলে উল্লেখ করেছে। তবে ট্রাম্প আবারও দাবি করেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না।