ইসলামাবাদে শিয়া মসজিদে আত্মঘাতী হামলার দায় স্বীকার আইএসের
ইসলামাবাদের উপকণ্ঠে তারলাই এলাকায় অবস্থিত শিয়া সম্প্রদায়ের ইমাম বারগাহ কাসর-ই-খাদিজাতুল কুবরা মসজিদে শুক্রবার জুমার নামাজের সময় ভয়াবহ আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।
নগর কর্তৃপক্ষ জানিয়েছে, হামলাকারী মসজিদের ফটকে পৌঁছালে নিরাপত্তাকর্মীরা তাকে বাধা দেন। এরপরই বিস্ফোরণ ঘটান তিনি। হামলাকারী ও তাঁর সম্ভাব্য সহযোগীর সঙ্গে স্বেচ্ছাসেবক নিরাপত্তাকর্মীদের গোলাগুলি হয়। বিস্ফোরণের আগে হামলাকারীর ঊরুতে গুলি লাগলেও তিনি ভেস্টের বিস্ফোরণ ঘটাতে সক্ষম হন।
বিশ্বব্যাপী জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী ইন্টেলিজেন্স গ্রুপের তথ্যমতে, আইএসের একজন যোদ্ধা বিস্ফোরকভর্তি জ্যাকেট ব্যবহার করে এই হামলা চালায়।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ হামলার ঘটনায় গভীর শোক প্রকাশ করে জড়িতদের খুঁজে বের করে বিচারের আওতায় আনার অঙ্গীকার করেছেন।
উল্লেখ্য, ২০০৮ সালে ইসলামাবাদের ম্যারিয়ট হোটেলে আত্মঘাতী হামলার পর এটিই রাজধানীতে সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে বিবেচিত হচ্ছে। পাকিস্তানে শিয়া সম্প্রদায় সংখ্যালঘু এবং তারা অতীতেও সাম্প্রদায়িক সহিংসতার শিকার হয়েছে।