বছরে দু’কোটি চাকরির প্রতিশ্রুতি পূরণের দাবি মোদি সরকারের
২০১৪ সালে ক্ষমতায় আসার আগে বছরে দু’কোটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১১ বছর পর সেই প্রতিশ্রুতি পূরণ হয়েছে বলে দাবি করেছে কেন্দ্রীয় সরকার। বুধবার সংসদে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানান, গত এক বছরে দেশজুড়ে ২ কোটি ২২ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, কর্মসংস্থান বৃদ্ধির ফলে দেশে বেকারত্বের হার কমে দাঁড়িয়েছে ৩.২ শতাংশ, যা অনেক উন্নত দেশের তুলনায় কম। বেকারত্ব মোকাবিলায় ২০২৩ সাল থেকে দেশজুড়ে ‘রোজগার মেলা’ আয়োজন করা হচ্ছে। এ পর্যন্ত প্রায় ১৮ হাজার মেলায় সরকারি ও বেসরকারি খাতে নিয়োগপত্র বিতরণ করা হয়েছে।
এ ছাড়া ‘ন্যাশনাল কেরিয়ার সার্ভিস’ পোর্টালের মাধ্যমে চাকরি সংযোগ কার্যক্রম চলমান রয়েছে বলে জানায় কেন্দ্র।