ইরানে বিক্ষোভ নিয়ন্ত্রণে
ইরানে গত কয়েক বছরের মধ্যে শুরু হওয়া সবচেয়ে বড় বিক্ষোভ এখন অনেকটাই নিয়ন্ত্রণে। তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফোয়াদ ইজাদি জানিয়েছেন, গত ৪৮ থেকে ৭২ ঘণ্টায় রাজপথে কোনো বড় বিক্ষোভ বা দাঙ্গা দেখা যায়নি। পরিস্থিতি বর্তমানে পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।
গত বৃহস্পতিবার নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভির ডাকে শুরু হওয়া এই বিক্ষোভে সহিংসতা ছড়িয়ে পড়লে সরকার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। অভিযোগ রয়েছে, বিক্ষোভের সুযোগে সশস্ত্র দাঙ্গাবাজরা পুলিশ ও সাধারণ দোকানিদের ওপর গুলি চালিয়েছে। আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, সোমবার থেকে রাজপথে সরকারপন্থিদের অবস্থান বেড়েছে এবং বিক্ষোভকারীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। বর্তমানে দেশটিতে বড় ধরনের কোনো সংঘাতের খবর পাওয়া যায়নি।