কাতারে ইসরায়েলের হামলা: মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা
কাতারের রাজধানী দোহায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় মঙ্গলবার রাতে এ হামলার পর দোহারের বিভিন্ন স্থান থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে এবং টানা বিস্ফোরণের শব্দ শোনা যায়।
ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, কাতারে অবস্থানরত হামাস নেতাদের লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছে। তবে কোন স্থানে হামলা হয়েছে, তা নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
হামাসের এক কর্মকর্তা বিবিসিকে জানান, দোহায় হামাসের মধ্যস্থতাকারী একটি প্রতিনিধিদল বৈঠকে বসেছিল। ঠিক সেই সময় তাদের লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী।
এদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, দোহায় একটি আবাসিক ভবনে হামলা হয়েছে, যেখানে হামাসের রাজনৈতিক ব্যুরোর কয়েকজন সদস্য বসবাস করছিলেন।
কাতারের মতো কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি দেশে ইসরায়েলের এ হামলা মধ্যপ্রাচ্যের সংকটকে আরও জটিল করে তুলতে পারে বলে আন্তর্জাতিক মহলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।