যুক্তরাষ্ট্রে হুন্দাই কারখানায় অভিযান, শতাধিক কর্মী আটক
আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় হুন্দাইয়ের বৈদ্যুতিক গাড়ি উৎপাদন কারখানায় অভিযান চালিয়ে প্রায় ৪৭৫ জনকে আটক করেছে অভিবাসন কর্তৃপক্ষ (আইসিই)। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর এটিই কর্মক্ষেত্রে সবচেয়ে বড় অভিযান বলে জানিয়েছে হোমল্যান্ড সিকিউরিটি।
আটককৃতদের মধ্যে অন্তত ৩০০ জন দক্ষিণ কোরিয়ার নাগরিক বলে জানা গেছে। তবে হুন্দাই জানিয়েছে, আটক কেউই তাদের সরাসরি নিয়োগপ্রাপ্ত কর্মী নন।
ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দক্ষিণ কোরিয়া মার্কিন সরকারের প্রতি নাগরিকদের অধিকারের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছে। অভিযানের কারণে হুন্দাইয়ের উৎপাদনে প্রভাব না পড়লেও অংশীদার প্রতিষ্ঠান এলজি এনার্জি সলিউশনস নির্মাণকাজ স্থগিত রেখেছে।
ট্রাম্প বলেছেন, “তারা অবৈধ অভিবাসী ছিল, আইসিই কেবল তার কাজ করেছে।” এ ঘটনাকে ঘিরে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সম্পর্কেও চাপ সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।