• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

আবারও বড় পর্দায় ফিরছে ‘ফেলুদা’

আবারও বড় পর্দায় ফিরছে ‘ফেলুদা’

ছবি- সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

‘ফেলু মিত্তির’। বাংলা চলচ্চিত্রের এক অনবদ্য চরিত্র। জনপ্রিয় ‘ফেলুদা’ সিরিজের প্রধান চরিত্র এটি। গা ছমছম করা থ্রিলার গোয়েন্দা কাহিনীর ওপর নির্ভর করে ফেলুদা সিরিজের প্রতিটি চলচ্চিত্র নাম কুড়িয়েছে। যুগের পর যুগ ধরে দর্শকের কাছে ‘ফেলুদা’ হয়ে উঠেছে পছন্দের একক দাবিদার। বিখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের হাত ধরে ফেলুদা সিরিজ রুপালি পর্দায় দাপট দেখিয়ে কয়েক দশক। এখনো চলচ্চিত্র পাগল দর্শক সময় পেলেই ফেলুদায় বুদ হন।

তাই, এবার দর্শকের চাহিদা বিবেচনায় আবারও বড় পর্দায় ফিরছে জনপ্রিয় ‘ফেলুদা’। পরিচালক সন্দীপ রায়ের হাত ধরে আবারও দর্শক মাতাবে গোয়েন্দা থ্রিলার ভিত্তিক এই সিরিজ। এমনকি ওটিটি প্ল্যাটফর্মেও দেখা যাবে 'ফেলু মিত্তির'।

বড়দিন উপলক্ষে ফেলুদাপ্রেমীদের জন্য তাই 'ক্রিসমাস গিফট' হিসেবে একেবারে টাটকা ফেলুদা ছবির কথা ঘোষণা করে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ)।

সংস্থাটি জানিয়েছে, সন্দীপ রায়ের পরিচালনায় আগামী বছর অর্থাৎ ২০২২ সালে 'হত্যাপুরী' ছবির মাধ্যমে বড়পর্দায় ফের পর্দায় ফিরবে বাঙালির প্রিয় গোয়েন্দা ‘প্রদোষচন্দ্র মিত্র’। যথারীতি থাকবেন তোপসে আর জটায়ুও। অর্থাৎ এক দশক পেরিয়ে ফের একবার বড়পর্দায় একসঙ্গে হাজির হবেন এই 'থ্রি মাস্কেটিয়ার্স'।

সত্যজিৎ রায় রচিত ফেলুদার বিখ্যাত উপন্যাস অনুযায়ী এই ছবির চিত্রনাট্য লিখেছেন সন্দীপ রায়। এবারের প্রেক্ষাপট পুরী। ছুটি কাটাতে গিয়ে পুরীর সমুদ্র সৈকতে এক অজ্ঞাত ব্যক্তির লাশ খুঁজে পাওয়া যায়। সেই লাশকে কেন্দ্র করেই নতুন রহস্যের খোঁজ পান 'ফেলু মিত্তির'। জড়িয়ে পড়েন তদন্তে। উন্মোচন হতে থাকে একের পর এক রোম খাড়া করা সত্য ঘটনা। তত্ত্বতালাশ চলাকালীন খুন হয় আরও এক ব্যক্তি। সত্যসন্ধান যত এগোতে থাকে মামলা তত রহস্যময় মোড় নেওয়া শুরু করে। আহত হোন 'ফেলুদা' নিজেও। শেষপর্যন্ত রহস্যের কুয়াশা ভেদ করে ফেলুদা অপরাধীকে হাতেনাতে ধরে ফেলতে পারেন কি না, তাই নিয়েই এগোবে ছবির গল্প।

'হত্যাপুরী'র পরিচালনা ও চিত্রনাট্য সামলানো ছাড়া এ ছবির সংগীত পরিচালনার দায়িত্বেও রয়েছেন সন্দীপ রায় নিজেই। সিনেমাটোগ্রাফির দায়িত্ব সামলাবেন সৌমিক হালদার। তবে ফেলুদা, তোপসে এবং জটায়ুর চরিত্রে কারা থাকছেন, তা এখনো অজানা রয়ে গেছে।

 

এবি/এসএন

২৬ ডিসেম্বর ২০২১, ০৩:১৮পিএম, ঢাকা-বাংলাদেশ।