• ঢাকা, বাংলাদেশ
  • বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

জাতীয় চলচ্চিত্র পুরস্কারে স্বচ্ছতা চান শাকিব খান

জাতীয় চলচ্চিত্র পুরস্কারে স্বচ্ছতা চান শাকিব খান

বিনোদন ডেস্ক

জাতীয় চলচ্চিত্র পুরস্কারকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার আহ্বান জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। নতুন সরকারের কাছে চলচ্চিত্র, টেলিভিশন, সংগীত ও নাট্যাঙ্গনের শিল্পীদের বিভিন্ন প্রত্যাশার কথা তুলে ধরতে গিয়ে তিনি এসব দাবি জানান।

তিনি বলেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে প্রতিবছরই অস্বচ্ছতা, রাজনৈতিক প্রভাব ও স্বজনপ্রীতির অভিযোগ ওঠে। এ অবস্থায় বিচারপ্রক্রিয়ার নির্দিষ্ট মানদণ্ড প্রণয়ন, স্বাধীন জুরি বোর্ড গঠন এবং বাইরের হস্তক্ষেপ রোধে কঠোর নীতিমালা জরুরি।

সরকারি অনুদানের চলচ্চিত্র বাছাইয়েও স্বচ্ছ কমিটি, অনলাইন স্কোরিং পদ্ধতি ও পাবলিক রিপোর্ট প্রকাশের প্রস্তাব দেন তিনি। এতে প্রকৃত মেধাবীরা উৎসাহ পাবেন বলে মত দেন এ অভিনেতা।

দেশে প্রেক্ষাগৃহ সংকট নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শাকিব খান। বন্ধ ও জরাজীর্ণ হল সংস্কার, স্বল্প সুদের ঋণ, করছাড়, পুনর্গঠন তহবিল এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে আধুনিক মাল্টিপ্লেক্স নির্মাণের আহ্বান জানান তিনি। একই সঙ্গে ডিজিটাল প্রযুক্তি, উন্নত সাউন্ড সিস্টেম ও অনলাইন টিকিটিং চালুর ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, প্রেক্ষাগৃহকে শুধু সিনেমা প্রদর্শনের স্থান নয়, সাংস্কৃতিক কার্যক্রমের কেন্দ্র হিসেবেও গড়ে তোলা উচিত। পাশাপাশি শিল্পীদের জন্য ঝামেলামুক্ত, পেশাদার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের আহ্বান জানান তিনি।

১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১১পিএম, ঢাকা-বাংলাদেশ।