ট্রেলারেই বাজিমাত: পর্দায় ফিরছে পপসম্রাট মাইকেল জ্যাকসন
বিনোদন ডেস্ক
পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে নির্মিত বায়োপিক ‘মাইকেল’–এর ট্রেলার মুক্তির সঙ্গে সঙ্গেই বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। হলিউড পরিচালক অ্যান্টনি ফুকো নির্মিত এই ছবিতে উঠে আসবে শূন্য থেকে বিশ্বতারকায় পরিণত হওয়ার মাইকেলের বর্ণিল যাত্রা। ট্রেলারে দেখা যায় সংগীত, নাচ আর খ্যাতির উত্থানের পাশাপাশি তাঁর অনুপ্রেরণামূলক জীবনসংগ্রাম।
চলচ্চিত্রে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তাঁর ভাতিজা জাফর জ্যাকসন। চেহারা ও নাচের ভঙ্গিতে তাঁকে অনেকটাই তরুণ মাইকেলের মতো মনে হচ্ছে। মাইকেলের বাবা জো জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন কোলম্যান ডমিংগো এবং মা ক্যাথরিন জ্যাকসনের চরিত্রে নিয়া লং।
জ্যাকসন ফাইভ থেকে একক শিল্পী হিসেবে বিশ্বসংগীতের শীর্ষে ওঠার গল্পই মূলত তুলে ধরা হবে ছবিটিতে। তবে জীবনের বিতর্কিত অধ্যায়গুলো কতটা দেখানো হবে, তা এখনো স্পষ্ট নয়। সিনেমাটি আগামী এপ্রিলে মুক্তি পাওয়ার কথা রয়েছে।