নকল পেলেই প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
পরীক্ষাকেন্দ্রে নকল পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান বা কেন্দ্রপ্রধানকেও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার (২৪ জুন) আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে ঢাকা, ময়মনসিংহ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী জানান, ‘পরীক্ষা আইন’ সংশোধন করা হয়েছে। আসন্ন এইচএসসি পরীক্ষায় কোনো শিক্ষার্থীর কাছে নকল পাওয়া গেলে তাকে ডিটেনশনসহ আইনগত ব্যবস্থার মুখোমুখি হতে হবে।
তিনি আরও জানান, ২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে নেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ২০২৭ সালে কারিকুলাম পরিমার্জন এবং ২০২৮ সালে নতুন পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হবে। ২০২২ সালের পর থেকে অবসর ভাতা না পাওয়া শিক্ষকদের জন্য জুলাইয়ের মাঝামাঝি থেকে ভাতা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।