• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

জঙ্গল সলিমপুর থেকে এখনই কাউকে উচ্ছেদ করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গল সলিমপুর থেকে এখনই কাউকে উচ্ছেদ করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সালাহউদ্দিন আহমদ বলেছেন, জঙ্গল সলিমপুর থেকে আপাতত কাউকে উচ্ছেদ করা হবে না। তবে এলাকাটিকে কোনোভাবেই সন্ত্রাসীদের অভয়ারণ্য হতে দেওয়া হবে না।

রোববার সকালে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জঙ্গল সলিমপুর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। জঙ্গল সলিমপুরকে ঘিরে সরকারের একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের ঝুলে থাকা বিষয়টিও দ্রুত নিষ্পত্তি করা হবে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, শুধু জঙ্গল সলিমপুর নয়, সারা দেশে চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাস দমনে যৌথ অভিযান পরিচালনা করা হবে। কোনো ব্যক্তি সাধারণ মানুষকে উচ্ছেদের ভয় দেখালে বা চাঁদা দাবি করলে জেলা প্রশাসনের কাছে অভিযোগ জানানোর আহ্বান জানান তিনি। অপরাধী যত প্রভাবশালীই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন মন্ত্রী।

পরিদর্শনকালে ভূমিপ্রতিমন্ত্রী মীর মো. হেলাল উদ্দিন, আলী হোসেন ফকিরসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে অস্ত্র উদ্ধার অভিযানে সন্ত্রাসীদের গুলিতে এক র‍্যাব কর্মকর্তা নিহত হওয়ার পর মার্চে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে এলাকাটির নিয়ন্ত্রণ নেয় প্রশাসন এবং সেখানে একটি অস্থায়ী যৌথ ক্যাম্প স্থাপন করা হয়।

 

৩১ মে ২০২৬, ০৫:৪০পিএম, ঢাকা-বাংলাদেশ।